Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১০
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জমা দেওয়া ছয় প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপির হয়ে রয়েছেন ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকও বৈধ প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধতার বিষয়টি জানানো হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচটি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিলগুলো ৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা বেড়ে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের বিধান অনুযায়ী ২১ আগস্ট থেকে আসনটি শূন্য হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD