এক ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ

নেপালে আঘাত হানা ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুভূত এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে হিমালয়সংলগ্ন বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ইউএসজিএসের হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। অন্যদিকে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
এদিকে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে হিমালয়সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে কার্বি আংলং জেলায় আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫।
বিজ্ঞাপন
সংস্থাটির তথ্যমতে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
একই দিনে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক ভূমিকম্পের ঘটনা হিমালয় অঞ্চলের ভূকম্পন পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।








