ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ জনের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ২৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ২৯ জন প্রবাসী এবং ২৫৮ জন দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা রবিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
একই দিন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় শেষ হচ্ছে। ইসির তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও-১ আসনে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁরা হলেন বিএনপি মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
বিজ্ঞাপন
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনেই আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।








