যানজট কমাতে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে প্রস্তাবিত ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
বিজ্ঞাপন
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে থাকা প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি কাজ শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশনাও দেন তিনি। দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








