ফর্সা হওয়ার আশায় ক্রিম ব্যবহার, কিডনি রোগে হাসপাতালে কিশোরী

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের প্রচারণামূলক ভিডিও দেখে ত্বকের রং পরিবর্তনের ক্রিম কিনেছিলেন ভারতের কেরালার ১৭ বছর বয়সী এক কিশোরী। প্রায় এক বছর ব্যবহারের পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। চিকিৎসা পরীক্ষায় তার শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিডনিও।
বিজ্ঞাপন
বর্তমানে মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, শুরুতে ক্রিমটি ব্যবহারে কাঙ্ক্ষিত ফল পাচ্ছিল বলে মনে হয়েছিল কিশোরীর। ব্রণ ও কালো দাগ কমার পাশাপাশি ত্বকের রঙেও পরিবর্তন দেখতে পেয়েছিল সে। এ কারণে নিয়মিত ক্রিমটি ব্যবহার করত। তবে একপর্যায়ে এর বিরূপ প্রভাব দেখা দিতে শুরু করে।
কিশোরী সাংবাদিকদের জানায়, ইনস্টাগ্রামে একটি প্রচারণামূলক ভিডিওতে ক্রিমটি দেখতে পায় সে। পরে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিক্রেতাদের কাছ থেকে পণ্যটি কেনে। ব্যবহারের কিছুদিন পর হঠাৎ তার রক্তচাপ কমে যায়। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়া এবং পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।
বিজ্ঞাপন
হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার পারদের উপস্থিতি শনাক্ত করেন চিকিৎসকেরা। চিকিৎসক নেফ্রোলজিস্ট গৌরী এস জানান, পরীক্ষায় কিশোরীর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ধরা পড়েছে। এটি কিডনির একটি গুরুতর রোগ, যাতে কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগ অনুযায়ী, ব্যবহৃত ক্রিমটি পরীক্ষার পর প্রতি মিলিয়নে ১২ হাজার ৫০০ অংশ (পিপিএম) পারদ পাওয়া গেছে। অথচ প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক অংশেরও কম।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে কেরালার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ইতোমধ্যে কমিশন একটি মামলা নথিভুক্ত করেছে। পাশাপাশি এ বিষয়ে স্বাস্থ্য ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পারদযুক্ত প্রসাধনীতে যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
পারদ অত্যন্ত বিষাক্ত একটি ভারী ধাতু। ত্বকের রঞ্জক পদার্থ মেলানিন উৎপাদনে বাধা দেওয়ার কারণে কিছু অবৈধ প্রসাধনীতে এটি ব্যবহার করা হয়। এসব পণ্য দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের মাধ্যমে পারদ শরীরে প্রবেশ করে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পারদযুক্ত প্রসাধনীর অন্যতম বড় ঝুঁকি কিডনির ক্ষতি। শরীরে পারদ জমা হলে কিডনির কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। এর ফলে প্রস্রাবের সঙ্গে প্রয়োজনীয় প্রোটিন বেরিয়ে যাওয়া এবং কিডনি বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া কিডনির কার্যক্রমে বিঘ্ন ঘটলে শরীরে তরল ও প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়ে পা, গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণেও সমস্যা দেখা দিতে পারে।
উচ্চমাত্রার পারদ স্নায়ুতন্ত্রের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে শারীরিক দুর্বলতা, হাত-পা কাঁপা, মেজাজের পরিবর্তন, মনোযোগের ঘাটতি এবং শরীরের বিভিন্ন অঙ্গের সমন্বয়ে সমস্যা দেখা দিতে পারে।
ত্বকের ক্ষেত্রেও এসব প্রসাধনী ক্ষতিকর হতে পারে। ব্যবহারের ফলে জ্বালাপোড়া, ফুসকুড়ি, লালচে ভাব এবং ত্বকের রঙে স্থায়ী পরিবর্তনের মতো সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘদিন পারদের সংস্পর্শে থাকলে রোগ প্রতিরোধব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ে ত্বকের রং পরিবর্তন বা দাগ দূর করার প্রতিশ্রুতি দেওয়া প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন দেখে কিংবা অননুমোদিত অনলাইন বিক্রেতার কাছ থেকে কেনা পণ্যের উপাদান ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। ত্বকের যেকোনো সমস্যায় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার ওপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তারা।
সূত্র: এনডিটিভি।








