গরু চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে নিখোঁজ বিএসএফ সদস্য

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে গরু চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে আসামের বরাক নদীতে ভেসে নিখোঁজ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। নিখোঁজ ওই সদস্যকে উদ্ধারে একাধিক সংস্থার সমন্বয়ে অভিযান চালানো হলেও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের কোনো খোঁজ মেলেনি।
পুলিশের তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আসামের কাছাড় জেলার বরাক নদীতে দুই বিএসএফ সদস্য ঝাঁপ দেন। তাঁদের মধ্যে একজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও অন্যজন স্রোতের টানে ভেসে যান।
নিখোঁজ বিএসএফ সদস্যের নাম কনস্টেবল কে ভেনু। তিনি হরিনগর বর্ডার আউটপোস্টে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হরিনগর এলাকায় চার থেকে পাঁচজন গরু চোরাকারবারীর অবস্থানের খবর পেয়ে সেখানে যান হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু। একপর্যায়ে তাঁদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দেন। তাঁদের আটক করতে দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন।
পরে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে ফিরে আসতে সক্ষম হন। তবে কনস্টেবল কে ভেনু আর ফিরে আসেননি। এরপর থেকেই তাঁর সন্ধানে তল্লাশি শুরু হয়।
কাছাড় জেলার পুলিশ সুপার পার্থপ্রতীম দাস জানিয়েছেন, সোমবার সকালে বিএসএফের কোম্পানি কমান্ডার তাঁদের এ ঘটনা সম্পর্কে অবহিত করেন।
বিজ্ঞাপন
নিখোঁজ সদস্যকে উদ্ধারে স্টেট ডিজাস্টার রেসপন্স টিম (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং নৌ পুলিশ নদীতে অভিযান চালাচ্ছে। তবে উদ্ধারকারী দল এখনো তাঁর সন্ধান পায়নি।
এদিকে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করেছেন, ওই বিএসএফ সদস্যকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।








