Logo

দুই দশক পর স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধের অনুমোদন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:৪২
দুই দশক পর স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধের অনুমোদন
ছবি : জনবাণী গ্রাফিক্স

প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির বড়ি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি ‘উইলসার্ডলি’ নামের ওষুধটি ব্যবহারে ক্যানসার ফিরে আসা কিংবা মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। দুই দশকেরও বেশি সময় পর এ ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির অনুমোদন পেল ওষুধটি।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

ওষুধটির জেনেরিক নাম গিরেডেস্ট্র্যান্ট। অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার পুনরায় ফিরে আসার আশঙ্কা মাঝারি থেকে বেশি, তাঁদের চিকিৎসায় এটি ব্যবহারের অনুমতি দিয়েছে এফডিএ। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ (ইআর-পজিটিভ) এবং এইচইআর২-নেগেটিভ প্রথম থেকে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীরা ওষুধটি গ্রহণ করতে পারবেন। বিশ্বে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রায় ৭০ শতাংশ এই ধরনের ক্যানসারে ভুগছেন।

প্রতিদিন একবার সেবন করতে হয় ওষুধটি। এটি ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তারে ইস্ট্রোজেনের ভূমিকা বাধাগ্রস্ত করে। একই সঙ্গে ক্যানসার কোষে ইস্ট্রোজেন রিসেপ্টরের পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে চিকিৎসার পর রোগটি আবার ফিরে আসার আশঙ্কা কমাতে সহায়তা করতে পারে ওষুধটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গবেষণায় মিলেছে ইতিবাচক ফল

৪ হাজার ১৭০ জন প্রাপ্তবয়স্ক রোগীর অংশগ্রহণে পরিচালিত শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে। গবেষণায় অংশ নেওয়া রোগীরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত উইলসার্ডলি অথবা প্রচলিত হরমোন থেরাপি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রচলিত হরমোন থেরাপির তুলনায় গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারে ক্যানসার পুনরায় ফিরে আসা কিংবা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৩০ শতাংশ কমেছে।

রোশে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধটি পাওয়া যেতে পারে। দেশটিতে ওষুধটির মাসিক তালিকামূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ ডলার।

এর আগে, গত সপ্তাহে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া উন্নত পর্যায়ের স্তন ক্যানসারের নির্দিষ্ট রোগীদের চিকিৎসায় গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। ওই ক্ষেত্রে ইএসআর১ জিনে মিউটেশন থাকা টিউমারের রোগীদের এভারোলিমাসের সঙ্গে ওষুধটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে গিরেডেস্ট্র্যান্ট রোগীদের সামগ্রিক আয়ু বাড়াতে কতটা কার্যকর, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি যাচাই করতে রোগীদের পর্যবেক্ষণে রাখবে এফডিএ। বাজারে ওষুধটি আসার পর এ বিষয়ে পরবর্তী গবেষণার ফলাফল জমা দিতে সম্মত হয়েছে রোশে।

সূত্র: রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD