অন্যায় করলে ব্যবস্থা, কাউকে ছাড় দেবে না বিএনপি সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করছে। তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের আওতায় ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবনের কারণে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বলেও মন্তব্য করেন তিনি।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, দেশে মাদক উৎপাদিত হয় না; পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এসব ঢুকিয়ে দেশের যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের তদবির করা যাবে না। একই সঙ্গে পুলিশ সদস্যদের কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকেও মাদক-সম্পর্কিত বিষয়গুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে। সামাজিকভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ সফল করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
কাবাডি প্রতিযোগিতা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে শওকত হোসেন, মোস্তফা কামালসহ পাঁচজন দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শেষপর্বে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।








