Logo

সহজ শর্তে খামারিদের ঋণ দেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৫৮
সহজ শর্তে খামারিদের ঋণ দেওয়ার ঘোষণা প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করতে পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার পাশাপাশি সব খামারিকে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

‘নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ জোরদারকরণ’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের অন্যতম প্রধান শর্ত হলো প্রাণীকে নিরাপদ ও মানসম্মত খাদ্য দেওয়া। মানসম্মত খাদ্য নিশ্চিত করা গেলে প্রাণী সুস্থ থাকবে এবং এর মাধ্যমে নিরাপদ মাংস, ডিম ও দুধ উৎপাদন সম্ভব হবে। তাই জনগণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

খামার ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ এবং উৎপাদনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উৎপাদন ব্যয় কমানোর ওপর জোর দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিল্প ও খামারে অপচয় কমিয়ে উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে রাখতে হবে। এতে উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্যই সুবিধাজনক পরিবেশ তৈরি হবে।

বিজ্ঞাপন

দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কাজে যুক্ত করার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কঠোর আইনি অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে জেলার প্রান্তিক খামারিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, উৎপাদিত পণ্যের দাম নির্ধারণে তাদের নিয়ন্ত্রণ না থাকায় অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হয়।

এ ছাড়া অতিরিক্ত গরমের সময় সময়মতো বিদ্যুৎ না পাওয়া এবং করপোরেট প্রতিষ্ঠানের তুলনায় প্রান্তিক খামারিদের কম ওজনের মুরগির বাচ্চা দেওয়ার বৈষম্য দূর করার দাবিও জানান তারা।

বিজ্ঞাপন

খামারিদের এসব অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি সাধারণ ভোক্তার নাগালের মধ্যে পণ্যের দাম রাখতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ড. বেগম শামছুন নাহার আহম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের ভেটেরিনারি সার্জন ডা. হারুন অর রশিদ।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও খামারি প্রতিনিধিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD