গাকৃবিতে শিল্প-একাডেমিয়া সংযোগে সেমিনার

গবেষণার ফলাফলকে শিল্পপ্রতিষ্ঠানের কাজে লাগানো, উদ্ভাবনের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো এবং শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্র তৈরি করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে দুই পর্বে এ আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রতিপাদ্য ছিল ‘Connecting Research with Markets: Unlocking the Potential of GAU Innovations through Industry-Academia Partnerships’। দ্বিতীয় পর্বে আলোচনা হয় ‘Beyond the Degree: Navigating Diverse Career Pathways for GAU Graduates’ বিষয়ে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠান এবং বাজারের সঙ্গে যুক্ত করার উপায়, গবেষণার বাস্তব প্রয়োগ, উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ এবং প্রচলিত চাকরির বাইরে শিক্ষার্থীদের বিকল্প পেশা ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিয়ে আলোচনা হয়। এতে সরকারি ও বেসরকারি পর্যায়ের ৩০টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এরপর বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার যথাযথ ব্যবহার করে আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারের এক পর্যায়ে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য এবং ইউজিসি সদস্যদের মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এতে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ, শিল্প-একাডেমিয়া অংশীদারত্ব এবং বাজারের চাহিদা অনুযায়ী গবেষণা পরিচালনার প্রয়োজনীয়তা উঠে আসে। এ সময় শিক্ষার্থীরা তরুণদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়েও প্রশ্ন ও মতামত জানান।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়নে তরুণদের উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে কাজে লাগাতে হবে। ২০২৬-২৭ অর্থবছরে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা এবং সৃজনশীল শিল্পে ৮০০ কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গ উল্লেখ করে তিনি নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম থাকতে আইসিটিতে দক্ষ জনবল তৈরি, তৃতীয় ভাষা শেখা এবং ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠান এবং স্টার্টআপ উদ্যোগের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থান সৃষ্টি ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শেষে অতিথি ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।








