রাজধানীর মাতুয়াইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙ্গর’ নামের একটি বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির ভেতরের আসনগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রোডে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় বাসটিতে রং করাসহ প্রয়োজনীয় মেরামতের জন্য গতকাল শনিবার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসের পেট্রোলজনিত কারণে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। একপর্যায়ে আগুনের তীব্রতা বাড়তে থাকলে বাসটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়। এ সময় ভেতরের আসনগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রখবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভে গেলেও বিশ্ববিদ্যালয়ের বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। বাসটির ক্ষতিগ্রস্ত অংশ ও আসনগুলো মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করতে হবে। এতে বাসটির নিয়মিত চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক গণমাধ্যমকে বলেন, আমরা গতকাল (১৭ অক্টোবর) সার্ভিসিংয়ের জন্য বাসটি গ্যারেজে পাঠিয়েছিলাম। পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এ সময় মেরামতের কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সকালে বাজারের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তারা আমাকে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মেরামতের কাজ শেষ করতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বাসটি পুনরায় চলাচলের উপযোগী হলে নরসিংদী রুটে যাতায়াতকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনসেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।








