এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। তাঁদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় প্রতিযোগিতার প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয় শিরোপা জয়ের লড়াই।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, মাহবুবুর রহমান এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম। এ ছাড়া এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা ও আকর্ষণ তৈরি করবে। একই সঙ্গে তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
এবিজি স্পোর্টস সিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা, প্রতিযোগিতামূলক খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করা।
বিজ্ঞাপন
আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশের ভবিষ্যৎ ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতেও এ আয়োজন ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার এবং আন্তবিশ্ববিদ্যালয় সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে।








