Logo

ডাব চুরি করতে গিয়ে সাড়ে তিন ঘণ্টা নারকেলগাছে আটকে যুবক

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৬ নভেম্বর, ২০২৬, ১৫:৫৭
ডাব চুরি করতে গিয়ে সাড়ে তিন ঘণ্টা নারকেলগাছে আটকে যুবক
ছবি: সংগৃহীত

জামালপুরে ডাব চুরি করতে গিয়ে বিপাকে পড়েছেন এক যুবক। স্থানীয়দের চোখে পড়ার পর ধরা পড়ার ভয়ে নারকেলগাছ থেকে নামতে সাহস পাননি তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা গাছের ওপর অবস্থান করার পর নিজেই নিচে নেমে আসেন ওই যুবক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ অপেক্ষার পর রাত সাড়ে ১২টার দিকে গাছ থেকে নিচে নামেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক জামালপুর শহরেরই বাসিন্দা। বৃহস্পতিবার রাতে টিক্কাপট্টি এলাকার একটি নারকেলগাছে ডাব নেওয়ার উদ্দেশ্যে ওঠেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়লে তারা এগিয়ে যান। লোকজনের উপস্থিতি টের পেয়ে নিচে নামতে অস্বীকৃতি জানান ওই যুবক। একপর্যায়ে গাছের ওপরের দিকে বসে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নামিয়ে আনার উদ্যোগ নেন। বিভিন্ন কৌশলে তাকে রাজি করানোর চেষ্টা করা হয়। এমনকি গাছ থেকে নেমে এলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে যুবকের মনে ভয় ছিল, নিচে নামলেই পুলিশ তাকে আটক করবে। এই আশঙ্কায় উদ্ধারকর্মীদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি গাছ থেকে নামতে রাজি হননি। ফলে দীর্ঘ সময় ধরে গাছের ওপরই আটকে থাকতে হয় তাকে।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রথম দিকে ওই যুবক কোনোভাবেই গাছ থেকে নামতে চাইছিলেন না। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। অনেক বোঝানোর পরও তাকে নামানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন।

তিনি আরও জানান, যুবকটি বেশ আতঙ্কিত ছিলেন। পরে মানবিক দিক বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD