চুরির অপবাদ দিয়ে ৬৫ বছরের বৃদ্ধ নারীকে গাছে বেঁধে নির্যাতন

গাইবান্ধার সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সামনে আসে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হাসপাতাল ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (২ নভেম্বর) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নারীর নাম গোলাপী বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী।
অভিযুক্ত প্রতিবেশীর নাম সাদা মিয়া (৩৫)। তিনি একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে। স্থানীয় সূত্র জানিয়েছে, গোলাপী বেগম মানসিক ভারসাম্যহীন।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার গোলাপী বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন সাদা মিয়া। এরপর তার দুই হাত-পা রশি দিয়ে বেঁধে একটি গাছের সঙ্গে আটকে মারধর করা হয়। তবে কী চুরির অভিযোগে তাকে এভাবে নির্যাতন করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফেসবুকে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে গোলাপী বেগমকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মারধর করতে দেখা যায়। এ সময় তাকে চিৎকার করতেও শোনা যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গাইবান্ধা জেনারেল হাসপাতালের করিডোরে অতিরিক্ত ২২ নম্বর শয্যায় রেখে তার চিকিৎসা চলছে। শয্যা সংকটের কারণে তাকে সেখানে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না রানী। বৃহস্পতিবার রাতে তিনি জানান, গোলাপী বেগম খাওয়া-দাওয়া করেছেন এবং বর্তমানে ভালো আছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আসিফ রহমান ফোন ধরেননি।








