টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে প্রাণ গেল সেনাসদস্যের

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। নিহত সৈনিকের নাম মোহাম্মদ তিতাস শেখ (২৭)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরাও অংশ নেন।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই পাহাড়ের গোপন আস্তানায় মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ করা শতাধিক বাঙালি ও রোহিঙ্গা নাগরিককে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতেই যৌথবাহিনী অভিযান শুরু করে।
অভিযান শুরু হওয়ার পরপরই মানবপাচারকারীরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৈনিক মোহাম্মদ তিতাস শেখ। তিনি ১ বীর (১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট)-এর সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আহত সেনাসদস্যকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যৌথবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দেশীয় তৈরি একটি বন্দুক এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক পাঁচ মানবপাচারকারীকে আইনের আওতায় আনার পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্সের অভিযান চলছিল। এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তৎপরতা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, কোনোভাবেই মানবপাচারকারীদের ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এদিকে যৌথবাহিনীর ওপর মানবপাচারকারীদের হামলায় সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় কক্সবাজার শহরে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ। তিনি বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, টেকনাফ থেকে যেভাবেই হোক মানবপাচারের অভিশাপ দূর করতে হবে। রাঘববোয়াল যারা অপরাধীদের আশ্রয় দিয়ে হিংস্র বানিয়েছে তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
অন্যদিকে, সেনাসদস্য নিহতের প্রতিবাদে শুক্রবার বিকেলে উখিয়ায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি।
বিজ্ঞাপন
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী বলেন, একজন দেশপ্রেমিক সেনাসদস্য মাদক ও মানবপাচারকারী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন। এর প্রতিবাদে উখিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করবে। যেভাবেই হোক উখিয়া-টেকনাফকে মাদক ও মানবপাচারমুক্ত করতে হবে।
সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইএসপিআর। শোকবার্তায় জানানো হয়, দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় তরুণ এই সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।








