Logo

গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৬ নভেম্বর, ২০২৬, ১৪:১৮
গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য মোহাম্মদ তিতাস শেখের (২৭) মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। শুক্রবার (৬ নভেম্বর) সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে। তিনি টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নগরকান্দার বারখাদিয়া এলাকার টুলু শেখের মেয়ের সঙ্গে তিতাসের বিয়ে হয়। তবে এ দম্পতির কোনো সন্তান নেই।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী জানান, সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্য অনুযায়ী, মানবপাচারের উদ্দেশ্যে শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে অপহরণ করে পাহাড়ের একটি গোপন আস্তানায় আটকে রাখা হয়েছিল। সেখানে তাদের নির্যাতনও করা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান শুরু করলে মানবপাচারকারীরা গুলি ছোড়ে। এতে সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সৈনিক তিতাস শেখ গুলিবিদ্ধ হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অভিযানের সময় তিতাসের কাঁধে গুলি লাগে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

যৌথবাহিনীর ওই অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালেও পাহাড়ি এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত ছিল। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। মানবপাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী তৎপরতা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

বিজ্ঞাপন

এদিকে তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইএসপিআর। শোকবার্তায় বলা হয়েছে, দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD