Logo

প্রবাসজীবন শেষে দেশে ফেরা, বাড়ির দরজাতেই মিলল নিথর দেহ

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৫ নভেম্বর, ২০২৬, ১৭:২১
প্রবাসজীবন শেষে দেশে ফেরা, বাড়ির দরজাতেই মিলল নিথর দেহ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা ছিল। বাম চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশাপাশি গলায় ফাঁসের আলামত থাকায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় নিজ বাড়ির দরজার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

রবিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করতেন রফিকুল। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন।

সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি।

আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।

বিজ্ঞাপন

ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD