সীমান্তে নিখোঁজের পর মিলল সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ

খাগড়াছড়ির রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকূল এলাকায় ফেনী নদী থেকে অংথইপ্রু মারমা (৬৫) নামে সাবেক এক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনায় হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গরুর জন্য নদীর পাড়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার পর শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেনীরকূল এলাকার বরই বাগানসংলগ্ন সীমান্তবর্তী ফেনী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে স্বজনেরা নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে মরদেহটি দেখতে পান।
নিহত অংথইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে অব্যাহতি নেন। তিনি ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ডোলবাড়ি এলাকার ২২১৪/১৮ এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান অংথইপ্রু মারমা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে আবারো খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের ছেলে থংগো মারমা জানান, গতকাল থেকে বাবাকে খুঁজে না পেয়ে রাতে ও শনিবার সকালে স্থানীয় লোকজন এবং বিজিবির সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তারা। একপর্যায়ে সকালে ভারতের টোলবাড়ি অংশে নদীতে ডুবন্ত অবস্থায় বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বিএসএফ তার বাবাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনাবশত কংক্রিটের ব্লকে পড়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে কীভাবে তার বাবার মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে নদীর অংশটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে।
তিনি আরও জানান, নিহতের ছেলে মামলা করবেন বলে জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।








