মৃত্যুর পরও ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!

মারা যাওয়ার সাড়ে সাত মাস পরও মামলার আসামির তালিকায় নাম উঠেছে এক বীর মুক্তিযোদ্ধার। পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে সামচু ঢালী নামের ওই ব্যক্তিকে। অথচ ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তাঁর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন। পরিবারের দাবি, গত ২৯ মার্চ তিনি মারা যান। কিন্তু ৯ নভেম্বরের ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে তাঁর নাম রয়েছে ২১৯ নম্বরে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসব ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে এবং চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সামচু ঢালীর নাম।
ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগে মারা যাওয়া একজন ব্যক্তিকে পরবর্তী সময়ে সংঘটিত ঘটনার মামলায় আসামি করায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। মামলায় নাম অন্তর্ভুক্তির আগে আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও ব্যঙ্গ-বিদ্রূপ ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, তাঁর বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাঁকে একটি মামলার আসামি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাঁদের প্রশ্ন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাঁর বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মামলার বাদী এসআই আকরাম বলেন, “আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।”
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে কিংবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাঁদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








