বদলির নামে ৩ লাখ টাকা, ফেরত চেয়ে স্ত্রীসহ হামলার শিকার

দিনাজপুরের নবাবগঞ্জে চাকরির বদলির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে নেওয়া ৩ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে স্ত্রীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নয়ন মিয়া নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর দাউদপুর ইউনিয়নের গাবগাছী গ্রামের মো. নয়ন মিয়া (৩০) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত। বর্তমানে তার কর্মস্থল সুনামগঞ্জে। নিজ এলাকার কাছাকাছি বদলির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একই গ্রামের মো. কায়েম মিয়া (৪০) তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিনেও বদলির ব্যবস্থা না হওয়ায় নয়ন মিয়া টাকা ফেরত চান। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ১২ দিনের ছুটিতে বাড়িতে আসেন নয়ন মিয়া। পরে ৫ নভেম্বর বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে নিজ বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন তিনি। এ সময় অভিযুক্ত মো. কায়েম মিয়াসহ অন্যরা সেখানে উপস্থিত হন।
বিজ্ঞাপন
নয়ন মিয়া পাওনা ৩ লাখ টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তার স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে নয়ন মিয়া প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে এবং তার স্ত্রীকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে তার স্ত্রী সাদিয়া বেগম আহত হন।
এ সময় নয়নের আত্মীয়স্বজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তার স্ত্রীর পরিহিত কাপড় টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
বিজ্ঞাপন
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। আহত সাদিয়া বেগমকে চিকিৎসার জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী নয়ন মিয়া জানান, টাকা ফেরত চাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছেন তিনি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








