Logo

সিডরের ১৯ বছর পরও কান্না থামেনি বরগুনার উপকূলবাসীর

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৮
সিডরের ১৯ বছর পরও কান্না থামেনি বরগুনার উপকূলবাসীর
ছবি: সংগৃহীত

আজ ১৫ নভেম্বর। বরগুনাসহ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য দিনটি গভীর শোক ও বেদনার স্মারক। ২০০৭ সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূল। প্রাণ হারান হাজার হাজার মানুষ। স্বজন হারানোর সেই শোক, ধ্বংসস্তূপের স্মৃতি আর অসহায় মানুষের কান্না ১৯ বছর পরও উপকূলবাসীর হৃদয়ে দগদগে ক্ষত হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

২০০৭ সালের ১৫ নভেম্বর রাত ৭টা ৪০ মিনিট। মহাবিপদ সংকেত শুনে আতঙ্কিত হয়ে পড়েন বরগুনার উপকূলীয় এলাকার মানুষ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইতে থাকে দমকা হাওয়া। সচেতন কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করলেও অধিকাংশই থেকে যান নিজেদের বাড়িতে। তাঁদের ধারণা ছিল, আগের মতো এবারও ঝড় চলে যাবে, বড় কোনো ক্ষতি হবে না।

কিন্তু সিডরের তাণ্ডব শুরু হয় উপকূলজুড়ে। ঘরবাড়ি উড়িয়ে নেওয়ার মতো প্রবল বাতাসের সঙ্গে বাড়তে থাকে পানির প্রবাহ। রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি যেন মৃত্যুদূতের মতো উপকূলে আছড়ে পড়ে। মাত্র ১০ মিনিটের জলোচ্ছ্বাসে হাজার হাজার মানুষ প্রাণ হারান। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ জনপদ।

পরদিন সকালে উপকূলের দৃশ্য ছিল ভয়াবহ। চারদিকে ধ্বংসযজ্ঞ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ। নিহতদের দাফনের জন্যও পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে একেকটি কবরে একাধিক মরদেহ একসঙ্গে দাফন করা হয়। এত বছর পরও সিডরে নিহত মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সরকারি তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়। নিখোঁজ হন আরও ১৫৬ জন। জেলায় ৩০ হাজার ৪৯৯টি গবাদিপশু এবং ৬ লাখ ৫৮ হাজার ২৫৯টি হাঁস-মুরগি মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় জেলার ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার। সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪টি পরিবার।

সিডরে এত প্রাণহানির কারণ অনুসন্ধানে জানা যায়, সে সময় আবহাওয়া বিভাগের সতর্কবার্তা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়নি। ৪ নম্বর সতর্ক সংকেত থেকে হঠাৎ ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্ট ছিল না। মংলা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে প্রচারিত সংকেত বরগুনার মানুষ সহজে বুঝতে পারেননি।

রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কার্যক্রমও ছিল অনেক এলাকায় সীমিত। কোথাও কোথাও মাইকিং হলেও অধিকাংশ স্থানে সতর্কবার্তা পৌঁছায়নি। জেলা প্রশাসনের তথ্য অফিস মাইকিং করলেও তা শহরকেন্দ্রিক ছিল। যারা সংকেত শুনেছিলেন, তাঁদের অনেকেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় নিরাপদ স্থানে যেতে পারেননি।

বিজ্ঞাপন

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত স্থানীয় ভাষায় মানুষের বোধগম্য করে প্রচারের ব্যবস্থা করতে হবে।

সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিতে হবে।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান জানান, উপকূলের মানুষের জন্য একটি আবহাওয়া অফিস নির্মাণ এবং উপকূলীয় এলাকায় আরও কমিউনিটি রেডিও স্টেশন স্থাপন করা প্রয়োজন।

বিজ্ঞাপন

সাংবাদিক মো. আসাদুজ্জামান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন দুর্যোগ ও বিপদ-আপদের সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।

বরগুনা সদর উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নলটোনা। সিডরের এক বছর আগে থেকেই সেখানে বেড়িবাঁধ ছিল না। ঘূর্ণিঝড়ের সময় এলাকায় প্রায় ২০ ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পায়। পরদিন সেখানে অর্ধশতাধিক মানুষের মরদেহ পাওয়া যায়। তখনও এলাকাটি পানিতে ডুবে ছিল। মরদেহ দাফনের জন্য কোনো স্থান খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে মরদেহগুলো বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পাশের পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে নিয়ে আসা হয়। দাফনের কাপড় ছাড়াই ২৯ জনকে ১৯টি কবরে সমাহিত করা হয়। স্থান সংকুলান না হওয়ায় ৪টি কবরে ৩ জন করে ১২ জন, ৩টি কবরে ২ জন করে ৬ জন এবং ১২টি কবরে একজন করে ১২ জনকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

কবরগুলো কিছুটা উঁচু করে রাখা হয়েছে। বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম প্রথমে ইট দিয়ে কবরস্থানটি ঘিরে দেয়। পরবর্তীতে জেলা ও উপজেলা প্রশাসন এবং বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় সেখানে সিডর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

সারিবদ্ধ কবরগুলো দেখে আজও মানুষ থমকে দাঁড়ায়। অনেকেই কান্না ধরে রাখতে পারেন না। এসব কবর যেন সিডরের ভয়াবহতার জীবন্ত স্মারক।

গণকবরে শায়িত রয়েছেন নলটোনা গ্রামের তাসলিমার বাবা আবদুর রশিদ (৫৫), মা আম্বিয়া খাতুন (৫০), ছেলে আল আমিন (৭), ফোরকানের বাবা দিন আলী (৬৫), হাসি বেগমের মেয়ে শাহিনুর (৪), শাহজাহানের মা তারাভানু (৬০), মেয়ে খাদিজা আক্তার (৩), আনিসের স্ত্রী খাদিজা বেগম (৩০), ছেলে আবু বকর (৩), রফেজ উদ্দিনের স্ত্রী বিউটি বেগম (৩৫), মাসুমের মা হেলেনা আক্তার (৩০), বাদলের মা লালবরু (৬৭), বাবুলের মেয়ে জাকিয়া আক্তার (৮), আবদুস সত্তারের স্ত্রী সাফিয়া খাতুন (৩০), ছেলে রেজাউল (১২), রেজবুল (৭), মেয়ে সাবিনা (৯), সগির হোসেনের মেয়ে সোনিয়া আক্তার (৩), আবদুর রবের ছেলে হোসেন আলী (১২), মেয়ে ময়না (৭), হোসনেয়ারা (৫), শাশুড়ি মনোয়ারা বেগম (৫০), সরোয়ারের স্ত্রী জাকিয়া আক্তার (৩০), মেয়ে রোজিনা (৪), ছত্তারের স্ত্রী বেগম (৫০), পুত্রবধূ নাজমা আক্তার (৩০), নাতি পারভেজ (৪), নাসির উদ্দিনের স্ত্রী হোসনেয়ারা (২৬) এবং গর্জনবুনিয়া গ্রামের গনি বিশ্বাসের ছেলে জাহিদ হোসেন (৫)।

বিজ্ঞাপন

সিডরে বিধ্বস্ত বরগুনার অনেক বেড়িবাঁধ আজও পুরোপুরি মেরামত হয়নি। সামান্য জোয়ারের পানি বাড়লেই নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে উপকূলের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা রয়ে গেছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান জানান, এখনো বরগুনায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা রয়েছে। চলতি বছর ১২ কিলোমিটার বাঁধ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রয়োজনীয় বরাদ্দ না পেলে বিধ্বস্ত বাঁধ পুনর্নির্মাণ করা সম্ভব নয়।

এদিকে বরগুনা উপকূলে পর্যাপ্ত সাইক্লোন শেল্টারও নেই। শিক্ষা প্রতিষ্ঠান কাম সাইক্লোন শেল্টারসহ জেলায় প্রায় ৫০০টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দুর্যোগের সময় সর্বোচ্চ ২ লাখ মানুষ আশ্রয় নিতে পারে। অথচ জেলার জনসংখ্যা ১০ লাখের বেশি। ফলে ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রের অভাবে অনেক মানুষ নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হন।

বিজ্ঞাপন

বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার জানান, আরও সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

সিডরের নিহতদের স্মরণে বরগুনা জেলা প্রশাসন ও প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টার দিকে পশ্চিম গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং সবশেষে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

১৯ বছর পরও সিডরের ক্ষত পুরোপুরি মুছে যায়নি। গণকবর, বিধ্বস্ত বেড়িবাঁধ, আশ্রয়কেন্দ্রের সংকট আর স্বজন হারানোর বেদনা আজও উপকূলবাসীকে মনে করিয়ে দেয় সেই ভয়াল রাতের কথা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD