৪ মাস আগে বিয়ে, গৃহবধূ রিমার মরদেহ রেখে উধাও স্বামী

চট্টগ্রামের রাউজানে রিমা দে (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র চার মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার পর থেকে তার স্বামী অয়ন দে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে রিমার মরদেহ উদ্ধার করা হয়।
রিমা ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেক বাড়িয়া চা বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে দম্পতির মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, চার মাস চার দিন আগে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে (২৬) সঙ্গে রিমার বিয়ে হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রিমার মা প্রভা রাণী দে জানান, শনিবার বিকেল ৩টার দিকে তাকে ফোন করে বলা হয়, সিঁড়ি থেকে পড়ে তার মেয়ে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চৌধুরী হাট হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। তবে কোথাও মেয়েকে না পেয়ে শেষ পর্যন্ত রাউজানে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে রিমার মরদেহ দেখতে পান।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর তার মেয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়। তবে রিমার নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। এসব কারণে মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন রিমার মা। ঘটনার পর থেকে তার স্বামী পালিয়ে গেছেন বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








