Logo

নিয়োগের দাবিতে শাহবাগে সুপারিশবঞ্চিতদের মানববন্ধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৩:৩৫
নিয়োগের দাবিতে শাহবাগে সুপারিশবঞ্চিতদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে এসব দাবি তুলে ধরেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশবঞ্চিত প্রার্থীরা।

আন্দোলনকারীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধিমালার ৯-এর উপবিধি ২(খ) অনুসারে শূন্যপদের বিপরীতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়। পরীক্ষাটিতে পাসের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে ১৭তম শিক্ষক নিবন্ধনসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে ৯ হাজার ৮৪২ জন এখনো নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রার্থীদের দাবি, ২০২৪ সালের ২৫ জানুয়ারি প্রকাশিত পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে। কিন্তু চূড়ান্ত ফল প্রকাশের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের নিয়োগের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের একাধিকবার আবেদনের সুযোগ দেওয়ার কারণে তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।

তারা জানান, সমস্যা সমাধানে এরই মধ্যে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচিও পালন করেছেন। এর ধারাবাহিকতায় গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাত যাপন করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

ওই সময় এনসিটিবি ভবনে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান আন্দোলনকারীরা। তাদের বক্তব্য শোনার পর মন্ত্রী দাবিগুলোকে যৌক্তিক বলে স্বীকার করেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন বলে জানান তারা।

বিজ্ঞাপন

প্রার্থীরা আরও জানান, সর্বশেষ গত ১১ আগস্ট একটি সেমিনারে শিক্ষামন্ত্রী শিক্ষক বদলি কার্যক্রম শেষ হওয়ার পর ৯ হাজার ৮৪২ জনের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলেছিলেন। তবে এনটিআরসিএর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা না পাওয়ায় নিয়োগসংক্রান্ত কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ অবস্থায় দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে দ্রুত নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা তিন দফা দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবি-

১. ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

২. সুপারিশবঞ্চিতদের নিয়োগের সুযোগ তৈরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করতে হবে।

৩. সনদের মেয়াদ ও বয়সের নির্ধারিত সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে নিয়োগের আওতায় আনতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD