Logo

জন্মদিনের আগেই কিংবদন্তি রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:৩৮
জন্মদিনের আগেই কিংবদন্তি রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার
ছবি: সংগৃহীত

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৭ নভেম্বর তার জন্মদিন। বিশেষ এই দিনকে সামনে রেখে আগাম শুভেচ্ছা ও ব্যতিক্রমী উপহার পেয়েছেন তিনি। জন্মদিনের উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।

বিজ্ঞাপন

রুনা লায়লার জন্মদিন উপলক্ষে ‘রুনা মহল’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। অনুষ্ঠানে শিল্পীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

ব্যতিক্রমী এই উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। বিশেষ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘রুনা মহল’ অনুষ্ঠানে রুনা লায়লার ব্যক্তিজীবন ও দীর্ঘ সংগীত ক্যারিয়ারের নানা অজানা ঘটনা এবং স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরা হবে। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

বিজ্ঞাপন

বিশেষ এই আয়োজন পরিচালনা করেছেন আরিফ খান। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনন্যা রুমা।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক ও অন্যান্য ধারার সংগীতে রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। নিজস্ব গায়কী, সুরের বৈচিত্র্য এবং অসাধারণ কণ্ঠশৈলীর মাধ্যমে কয়েক দশক ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন এই কিংবদন্তি শিল্পী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD