রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকাই চলচ্চিত্রের পর্দায় খলনায়ক চরিত্রে নিজস্ব অভিনয়শৈলী ও গম্ভীর কণ্ঠস্বর দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন ওয়াসীমুল বারী রাজীব। আজ ১৪ নভেম্বর, এই গুণী অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
বিজ্ঞাপন
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন রাজীব। অভিনয়জগতে আসার আগে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন তিনি। পরবর্তী সময়ে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তাঁর অভিনয়যাত্রা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও কাজ করেছেন এই অভিনেতা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রাজীবের। ক্যারিয়ারের শুরুতে নায়ক হিসেবে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। পর্দায় তাঁর শক্তিশালী উপস্থিতি, সংলাপ বলার স্বতন্ত্র ধরন এবং সাবলীল অভিনয় তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। এ ছাড়া বাচসাস পুরস্কারসহ পেয়েছেন বিভিন্ন সম্মাননা।
শুধু অভিনয়েই নয়, চলচ্চিত্রাঙ্গনের সাংগঠনিক দায়িত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজীব। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘বিক্ষোভ’ ও ‘বুকের ভেতর আগুন’সহ অসংখ্য আলোচিত চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
বিজ্ঞাপন
মৃত্যুর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রের দর্শকদের স্মৃতিতে অমলিন রাজীব। খলনায়ক চরিত্রে তাঁর অভিনয়ের দৃঢ়তা, গম্ভীর কণ্ঠস্বর এবং পর্দায় দাপুটে উপস্থিতি তাঁকে ঢাকাই চলচ্চিত্রের স্মরণীয় অভিনেতাদের একজন করে রেখেছে।








