Logo

নতুন করে আমার জন্ম হয়েছে: তানিয়া বৃষ্টি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৭:৫০
নতুন করে আমার জন্ম হয়েছে: তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত

মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ার পর অস্ত্রোপচার, কেমোথেরাপি ও দীর্ঘ চিকিৎসার কঠিন সময় পার করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে দীর্ঘ বিরতিতে থাকতে হয়েছে অভিনয় থেকেও। তবে ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি। সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে পুরোনো দিনের অনুভূতি ফিরে পেয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে।’

বিজ্ঞাপন

গত অক্টোবরে দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরেন তানিয়া। এর আগে প্রায় আট মাস পর ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নিজের অসুস্থতা, চিকিৎসা ও অভিনয়ে ফেরার বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী।

এক ভক্ত জানতে চান, শুটিংয়ে গিয়ে অসুস্থ হওয়ার আগে কোনো শারীরিক লক্ষণ বুঝতে পেরেছিলেন কি না। উত্তরে তানিয়া জানান, শুরুতে তেমন কোনো সমস্যা অনুভব করেননি। তবে ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় কিছুটা মাথাব্যথা ছিল। বিষয়টিকে স্বাভাবিক ভেবেই কাজ চালিয়ে গেছেন তিনি।

শুটিং করতে গিয়ে অসুস্থ হওয়ার খবরটিও সঠিক নয় বলে জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, টানা কাজের চাপ ও অনিয়মের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। রাত পর্যন্ত শুটিং করতে হয়েছে। কখনো দুপুরের খাবার সন্ধ্যায় খেয়েছেন। তবে সেই ক্লান্তির সঙ্গে পরবর্তী সময়ে দেখা দেওয়া শারীরিক জটিলতার বিষয়টি আলাদা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অসুস্থতার শুরুর দিনগুলোর কথা জানিয়ে তানিয়া বলেন, টানা চার দিন শুটিংয়ের সময় মাথাব্যথা ছিল। কখনো ব্যথা কমেছে, কখনো বেড়েছে। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি। কিন্তু পঞ্চম দিন সকালে মাথাব্যথা তীব্র হয়ে ওঠে। সঙ্গে শুরু হয় বমি। সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে।

এরপর দেশে অস্ত্রোপচারের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ভারতেও যেতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসার ধকল সামলে এখন অভিনয়ে ফেরার চেষ্টা করছেন। তবে অসুস্থতার পরিচয়ের চেয়ে নিজের কাজ দিয়েই দর্শকের কাছে পরিচিত হতে চান তানিয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চাই, এখন সবাই আমার কাজ নিয়ে আগের মতো কথা বলুক। আমি কাজ করছি, সেটাই জানুক। আর কারও যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।’

বিজ্ঞাপন

তবে এখনই নিয়মিত শুটিংয়ে ফেরার পরিকল্পনা নেই তার। চিকিৎসার অংশ হিসেবে আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে। এ সময় মাসে এক-দুটি কাজ করতে পারেন বলে জানিয়েছেন অভিনেত্রী। কেমোথেরাপি শেষ হলে চিকিৎসকের পরামর্শ মেনে আরও সতর্কভাবে চলাফেরা করতে চান তিনি। কারণ, টিউমার যেন আবার ফিরে না আসে, সেটিই এখন তার প্রধান চিন্তা।

মিডিয়ায় এক যুগের ক্যারিয়ার তানিয়া বৃষ্টির। দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরার অভিজ্ঞতা তার কাছে ছিল নতুন করে পথচলা শুরুর মতো। সহকর্মীদের সহযোগিতায় মুগ্ধ এই অভিনেত্রী বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, যখন আমি একদমই নতুন, অভিনয়ের কিছুই জানি না, শুধু প্যাশন আছে। সেই জায়গাটায় এবার চলে আসি। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে সহায়তা করেছেন। সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে ভারতের চেন্নাইয়েও অস্ত্রোপচার করাতে হয় তাকে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন এই অভিনেত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD