ঋণের টাকা দিয়ে ফুটানি দেখানোর মানুষ নন অনন্ত জলিল: অনন্য মামুন

ব্যাংকঋণ পরিশোধ না করায় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল এবং তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। অনন্ত জলিলের মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। নির্ধারিত সময়ের মধ্যে ঋণের অর্থ পরিশোধ না করলে আদালতে মামলা করার কথাও জানিয়েছে ব্যাংক। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে অনন্ত জলিলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন।
ঋণসংক্রান্ত বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্ত জলিলের প্রতি সমর্থন জানিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন, “চিত্রনায়ক, বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের সাহায্য প্রয়োজন। কারণ ১২ হাজার শ্রমিক, ১২ হাজার পরিবার বেঁচে যাবে।”
অন্যদিকে, অনন্ত জলিলের ঋণ নিয়ে শোবিজ অঙ্গনের কয়েকজনের সমালোচনার জবাব দিয়েছেন পরিচালক অনন্য মামুন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “অনন্ত ভাইকে নিয়ে আমাদের শিল্পী সমাজের অনেক মহারতিদের স্ট্যাটাস দিতে দেখলাম। আজ উনি অনন্ত জলিল বলেই উনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। ১২ হাজার পরিবারকে উনি চাকরির মাধ্যমে সহযোগিতা করছেন। আপনারা যে বড় বড় কথা বললেন, আপনারা কয়টা পরিবারের চাকরির ব্যবস্থা করছেন! যে লোক দুই হাজার কোটি টাকার বিজনেস করে, তার ২০০-২৫০ টাকা লোন থাকতেই পারে।”
বিজ্ঞাপন
অনন্ত জলিলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন এই পরিচালক। তাঁর দাবি, ঋণের অর্থ দিয়ে বিলাসিতা করার অভিযোগের সঙ্গে অনন্ত জলিলের ব্যক্তিত্বের মিল নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, “অনেকেই বলছেন, অনন্ত জলিল লোনের টাকা দিয়ে ফুটানি করছে, চলচ্চিত্র বানাইছে। উনার সাথে পাঁচ বছর কাজ করছি। উনি ফুটানি দেখানোর মানুষ না। নিজের চোখের সামনে অনেক গরিব মানুষকে সাহায্য করতে দেখেছি। আর উনার মতো টাকা যদি আপনাদের থাকত, আপনাদের পা মাটিতে পড়ত না।”
অনন্ত জলিলের মতো শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সহযোগিতায় রাষ্ট্রের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন অনন্য মামুন। তিনি বলেন, “রাষ্ট্রের উচিত অনন্ত জলিলের মতো ফ্যাক্টরির মালিকদের পাশে দাঁড়ানো। একটা কথা মনে রাখবেন, অনন্ত জলিল একা নয়, তার সঙ্গে জড়িত ১২ হাজার পরিবার।”
পরিচালকের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী। পাপিয়া নামের একজন মন্তব্যে লিখেছেন, “এরকম প্রচুর অনন্ত জলিল আছেন, যাদের গার্মেন্টস আছে। অনন্ত জলিলসহ সবাইকে সরকারের সাহায্য করা উচিত, যাতে গার্মেন্টসগুলো বন্ধ না হয়।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, ব্যাংকঋণ ও আইনি নোটিশের বিষয়টি নিয়ে কয়েক দিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন অনন্ত জলিল। ঋণ নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।”
অনন্ত জলিলের ঋণসংক্রান্ত বিষয়টি নিয়ে একদিকে ব্যাংকের পাওনা আদায়ের আইনি প্রক্রিয়া, অন্যদিকে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠান টিকিয়ে রাখার প্রশ্ন সামনে এসেছে। এ পরিস্থিতিতে তাঁর পাশে রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন কি না, তা নিয়েও শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।








