Logo

সঞ্জীব চৌধুরীকে স্মরণে ঢাকায় কনসার্ট, গাইবেন চার সংগীতশিল্পী

profile picture
বিনোদন ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:০১
সঞ্জীব চৌধুরীকে স্মরণে ঢাকায় কনসার্ট, গাইবেন চার সংগীতশিল্পী
ছবি: সংগৃহীত

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট। ‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামের এই সংগীত আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায়। রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।

বিজ্ঞাপন

কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি নিজেদের মৌলিক গানও শোনাবেন চার সংগীতশিল্পী। তারা হলেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। বাংলা সংগীতে সঞ্জীব চৌধুরীর অসামান্য অবদান এবং তার সৃষ্টিশীল সংগীতভাবনাকে নতুন করে স্মরণ করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০০৭ সালের ১৯ নভেম্বর প্রয়াত হন সঞ্জীব চৌধুরী। তার ১৯তম মৃত্যুবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর আজব কারখানার উদ্যোগে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।

বাংলা সংগীতের ইতিহাসে সঞ্জীব চৌধুরী ছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী একজন শিল্পী। জনপ্রিয় ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে তিনি ব্যান্ড সংগীতে তৈরি করেছিলেন আলাদা অবস্থান। ব্যতিক্রমী গায়কির পাশাপাশি গীতিকার হিসেবেও তার সৃষ্টিশীলতা ছিল প্রশংসিত।

বিজ্ঞাপন

তার লেখা ও কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ এবং ‘কথা বলব না’র মতো গান এখনো সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।

বাংলা লোকসংগীতকে শহুরে তরুণ শ্রোতাদের কাছে নতুনভাবে পরিচিত করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের শ্রোতাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। লোকজ সুরের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণে তার অবদান বাংলা গানের জগতে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

গান, কবিতা ও জীবনদর্শনের সমন্বয়ে সঞ্জীব চৌধুরী রেখে গেছেন নিজস্ব সৃষ্টিশীলতার স্বাক্ষর। সময় পেরিয়েও তার গান শ্রোতাদের মনে জায়গা করে আছে। শিল্পীর সেই সৃষ্টিকর্ম নতুন করে উপস্থাপন এবং বিভিন্ন প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক এই ট্রিবিউট কনসার্ট।

বিজ্ঞাপন

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কনসার্টের আর্লি বার্ড টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর অনুষ্ঠানস্থল থেকে টিকিট সংগ্রহ করতে খরচ হবে ১ হাজার টাকা।

টিকিট কিনতে ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে যোগাযোগ করতে হবে। এরপর বিকাশের মাধ্যমে মেক পেমেন্ট করার সময় রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD