দুই দশক বিরতি কাটিয়ে আবারও মিডিয়ায় ফিরছেন শশী আহমেদ

দীর্ঘ প্রায় ২০ বছরের বিরতি কাটিয়ে আবারও বিনোদনজগতে ফিরছেন মডেল ও অভিনেত্রী শশী আহমেদ। নতুন করে মিডিয়ায় নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চান তিনি। বিশেষ করে তার স্বপ্ন, নিজস্ব ব্যবসার পরিধি বাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বিজ্ঞাপন
বরিশালে জন্ম নেওয়া শশী আহমেদের বেড়ে ওঠা গাজীপুরের টঙ্গীতে। সেখানেই তার পড়াশোনা। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি ছিল তার বিশেষ আগ্রহ। সেই আগ্রহ থেকেই ২০০৬ সালে র্যাম্প শোর মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি।
মিডিয়ায় পথচলার শুরুতেই নিজের প্রতিভার পরিচয় দেন শশী। ২০০৬ সালে ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনালিস্ট হওয়ার সাফল্য অর্জন করেন। এরপর টেন্ডেন্স, বাংলার মুখ ও ইস্টিছিসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের ফটোশুটে কাজ করেন। পাশাপাশি আরএফএল ও লাক্সের বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে দেখা গেছে তাকে।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত হয়েছিলেন শশী। বেশ কয়েকটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। চলচ্চিত্রে কাজ করার প্রস্তাবও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সে সময় বড় পর্দায় অভিনয়ের সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতির পর এবার ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি শো’-এর মাধ্যমে নতুন করে মিডিয়ায় ফিরেছেন তিনি। এরই মধ্যে কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে প্রচারণামূলক ভিডিওতে কাজ করার বিষয়ে আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই নতুন কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।
মিডিয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এগিয়ে চলা
শুধু বিনোদনজগতে নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের পরিচিতি তৈরি করেছেন শশী আহমেদ। তার নিজস্ব বুটিক প্রতিষ্ঠান ‘ড্রিম ড্রেস হাউস’। এখানে নারীদের বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যায়।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তার। তবে ব্যবসা বড় করার পাশাপাশি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাকেও বিশেষ গুরুত্ব দিতে চান তিনি। নিজের উদ্যোগের মাধ্যমে অসহায় ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত নারীদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা তার।
নিজের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শশী আহমেদ বলেন, ‘সংসারজীবনের দায়িত্ব ঠিক রেখে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চাই। নারীরা সমাজের বোঝা নয়, তারা নিজেদের কর্ম ও যোগ্যতার মাধ্যমে পরিচিতি তৈরি করতে পারে। অসহায় নারীদের জন্যও কিছু করার ইচ্ছা রয়েছে আমার। আমি চাই, মানুষ আমাকে আমার কাজের মাধ্যমে চিনুক।’
মিডিয়ায় নিয়মিত হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ‘মিডিয়ায় আবারও নিয়মিত কাজ করতে চাই। আগের মতো বিভিন্ন ফ্যাশন হাউসের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। এমন কিছু কাজ উপহার দিতে চাই, যা মানুষের হৃদয়ে দীর্ঘদিন জায়গা করে রাখবে। এ জন্য সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়া চাই।’
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে পথচলা শুরু করা শশী আহমেদের লক্ষ্য এখন একদিকে বিনোদনজগতে নিজের পরিচিতি পুনরুদ্ধার, অন্যদিকে ব্যবসার মাধ্যমে নারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া। তিনি চান, নিজের কাজ ও উদ্যোগের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে।








