Logo

হীরার নেকলেস পাহারায় চারজন, জেনিফারের গলার গয়নার দাম কত?

profile picture
বিনোদন ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ২০:৪৬
হীরার নেকলেস পাহারায় চারজন, জেনিফারের গলার গয়নার দাম কত?
ছবি: সংগৃহীত

হলিউড তারকা জেনিফার লোপেজের সাজপোশাক বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার তাঁর পোশাকের চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে গলায় পরা একটি হীরার নেকলেস। ১৮৬ ক্যারেটের এই মূল্যবান গয়নাটির নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন চারজনের একটি বিশেষ দল। তাঁদের মধ্যে ছিলেন দুজন সশস্ত্র পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর প্রিমিয়ারে উপস্থিত হন জেনিফার। এদিন ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার তৈরি সাদা লেসের গাউন ও সাটিনের শাল পরেছিলেন তিনি। তাঁর গলায় ছিল ব্র্যান্ডটির ১৮৬ ক্যারেটের ‘সিসিলিয়া’ ডায়মন্ড নেকলেস।

নেকলেসটির মূল আকর্ষণ মাঝখানে থাকা নাশপাতি আকৃতির বড় হলুদ হীরা। এর ওজন প্রায় ১১০ ক্যারেট। চারপাশে রয়েছে আরও মূল্যবান হীরার নান্দনিক কারুকাজ। গয়নাটির বিরলত্ব ও বিপুল সম্ভাব্য মূল্যের কারণে প্রিমিয়ারজুড়েই রাখা হয়েছিল বিশেষ নিরাপত্তা।

‘ভ্যারাইটি’কে দেওয়া সাক্ষাৎকারে জেনিফার জানান, নেকলেসটির নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি ছিল। চারজনের একটি দল গয়নাটির দেখভাল করছিলেন। তাঁদের মধ্যে দুজন ছিলেন অস্ত্রধারী পুলিশ কর্মকর্তা, যারা দায়িত্বের বাইরে থেকেও নিরাপত্তার কাজে যুক্ত হয়েছিলেন।আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গয়নাটির প্রশংসা করে জেনিফার বলেন, এটি সত্যিই অসাধারণ। যার কাছে শেষ পর্যন্ত নেকলেসটি থাকবে, তিনি ভাগ্যবান হবেন। তাঁর মতে, এটি বংশপরম্পরায় সংরক্ষণ করার মতো একটি গয়না।

তবে ডলচে অ্যান্ড গাবানা এখনো নেকলেসটির নির্দিষ্ট মূল্য প্রকাশ করেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এর দাম কয়েক কোটি ডলার হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। নেকলেসের কেন্দ্রের ১০০ ক্যারেটের বেশি ওজনের হলুদ হীরাটির মতো বিরল ও উন্নত মানের হীরা নিলামে ১২ মিলিয়ন ডলার বা তারও বেশি দামে বিক্রি হওয়ার নজির রয়েছে।

তবে এই মূল্য তুলনীয় হীরার নিলামদরের ভিত্তিতে অনুমান করা হয়েছে; পুরো নেকলেসটির নিশ্চিত দাম এটি নয়। গয়নাটিতে ব্যবহৃত অন্যান্য হীরা, নকশা ও নির্মাণশৈলী বিবেচনায় মোট মূল্য আরও বেশি হতে পারে।

বিজ্ঞাপন

জেনিফার জানান, চলতি বছরের জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে পারফর্ম করার সময় প্রথম তাঁর নজরে আসে নেকলেসটি। গয়নাটির পাশাপাশি এর সঙ্গে থাকা শাল-কোটও তাঁর পছন্দ হয়েছিল। পরে প্রিমিয়ারের জন্য ব্র্যান্ডটির পক্ষ থেকে তাঁকে কোটটি উপহার দেওয়া হয় এবং নেকলেসটি পরার জন্য পাঠানো হয়।

‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’ চলচ্চিত্রে লাস ভেগাসে জেনিফারের মঞ্চ পরিবেশনার বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। এতে জনপ্রিয় গান পরিবেশনার পাশাপাশি ব্রঙ্কসে তাঁর শৈশব থেকে বিশ্বজুড়ে তারকা হয়ে ওঠার গল্পও উঠে এসেছে। আগামী ২৬ নভেম্বর সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD