Logo

৩০০ বছরের ঐতিহ্যবাহী দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে নানা চমক

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, ১৯:৫৮
৩০০ বছরের ঐতিহ্যবাহী দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে নানা চমক
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের আয়োজন ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জয়পুরহাটের তিন শতাধিক বছরের পুরোনো নান্দাইল দিঘির পাড়ে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। দিঘির পাশের নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে বসেছিল এবারের বর্ণাঢ্য মঞ্চ। হানিফ সংকেতের উপস্থাপনায় পর্বটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য দর্শকদের সামনে তুলে ধরতে দীর্ঘদিন ধরেই ব্যতিক্রমী সব স্থানে অনুষ্ঠানটির মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নির্বাচিত হয়েছে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘি। দিঘির জলরাশি, প্রাচীন পরিবেশ এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছিল পুরো আয়োজন। অনুষ্ঠান ধারণের খবর ছড়িয়ে পড়লে জয়পুরহাট ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক সেখানে উপস্থিত হন।

এবারের পর্বে সংগীতপ্রেমীদের জন্য থাকছে তিন ধরনের বিশেষ পরিবেশনা। জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলম তার জনপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন। অন্যদিকে চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।

জেলার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির পরিচয় তুলে ধরতে থাকছে বিশেষ নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন এস কে জাহিদ। পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

বিজ্ঞাপন

দর্শকদের অংশগ্রহণেও থাকছে ব্যতিক্রমী আয়োজন। জয়পুরহাট সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নির্বাচিত হয়েছেন চারজন দর্শক। পরে জেলার ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’কে কেন্দ্র করে নির্মিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেছেন তারা।

এবারের অনুষ্ঠানে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থান নিয়ে থাকছে বেশ কয়েকটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। পাশাপাশি দর্শকদের সামনে তুলে ধরা হবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রামের গল্প। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে নিজেদের নীরবতাকেই শক্তিতে রূপান্তরিত করেছেন তারা। তাদের জীবনযুদ্ধ ও ঘুরে দাঁড়ানোর কাহিনি থেকে অনুপ্রেরণা পাবেন দর্শকেরা।

স্থানীয় প্রতিভা ও মানবিক উদ্যোগও বাদ পড়েনি এবারের আয়োজনে। জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মণের ব্যতিক্রমী শিল্পকর্ম নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। ছাই ব্যবহার করে মাটির ক্যানভাসে অবিশ্বাস্য সব প্রতিকৃতি তৈরি করেন তিনি। এ ছাড়া যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হবে। ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হিসেবে জীবিকা নির্বাহ করলেও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা করে আসছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক বাস্তবতা ও সমসাময়িক অসংগতিগুলোও উঠে আসবে ব্যঙ্গাত্মক নাট্যাংশের মাধ্যমে। অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটরদের কর্মকাণ্ড, ডিজিটাল ট্রল, ‘ইয়েস স্যার’ সংস্কৃতি, চটকদার শিরোনামের আড়ালে গুরুত্বহীন সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্রবণতা নিয়ে থাকছে হাস্যরসাত্মক পরিবেশনা। এসব আয়োজনের মধ্য দিয়ে সমাজের নানা অসংগতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত কথোপকথন, চিঠিপত্র পর্ব এবং নিয়মিত অন্যান্য আয়োজনও থাকছে এবারের পর্বে। দেশের বিভিন্ন অঙ্গনের পরিচিত শিল্পীরা এতে অংশ নিয়েছেন।

প্রতিবারের মতো এবারও ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বিজ্ঞাপন

আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জয়পুরহাটের নান্দাইল দিঘির পাড়ে ধারণ করা বিশেষ ‘ইত্যাদি’। ঐতিহ্য, সংগীত, মানবিক গল্প এবং সামাজিক অসংগতি নিয়ে সাজানো এই পর্ব দর্শকদের জন্য নিয়ে আসছে বৈচিত্র্যময় আয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD