Logo

ঘুমের মধ্যে খিঁচুনি, ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা

profile picture
বিনোদন ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ১৬:৪১
ঘুমের মধ্যে খিঁচুনি, ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা
ছবি: সংগৃহীত

মাত্র ৩৩ বছর বয়সেই মারা গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমোন কা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন অনুজ।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে এক শোকবার্তায় বন্ধুর মৃত্যুর কথা জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রূপেশ জানান, মৃত্যুর মাত্র ১০ দিন আগেও অনুজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। বন্ধুর আকস্মিক মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন তিনি। পরে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে দেখা করে জানতে পারেন, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রূপেশ আরও জানান, অনুজের প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। নিয়মিত শরীরচর্চা ও জগিং করতেন তিনি। ঘটনার দিন নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলেও ঘুম থেকে ওঠেননি অনুজ। পরে তাঁর মা ঘরে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।

২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমোন কা’ ধারাবাহিকে কাজ করার সময় অনুজ ও রূপেশের পরিচয় হয়। এরপর দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের। একসঙ্গে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন তাঁরা। তরুণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

সূত্র: এবিপি আনন্দ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD