এক যুগ পর প্লেব্যাকে অভী, সঙ্গে রিজভী ও ওয়ালিদ

কণ্ঠশিল্পী অভী তালুকদারের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অধ্যায়। অডিও গানে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করলেও এবারই প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ‘দয়াল’ গানখ্যাত এই শিল্পী। ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের ‘ভালোবাসি’ শিরোনামের গানটির মধ্য দিয়ে বড় পর্দার গানে অভিষেক হচ্ছে তার।
বিজ্ঞাপন
গানটির কথা লিখেছেন গীতিকার রেজাউর রহমান রিজভী। সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ। আর সংগীতায়োজন করেছেন রুবেল ফ্লাইংকাইটস। প্রথমবারের মতো এই গানেই একসঙ্গে কাজ করলেন অভী, রিজভী ও ওয়ালিদ।
নিজের প্রথম প্লেব্যাক নিয়ে অভী তালুকদার বলেন, অডিওতে গান করছি এক যুগের বেশি সময় ধরে। কিন্তু চলচ্চিত্রে গান করার সুযোগ হয়ে ওঠেনি। আমি কৃতজ্ঞ ওয়ালিদ ভাইয়ের প্রতি তার চলচ্চিত্রের গানে আমার উপর আস্থা রেখেছেন বলে। রোমান্টিকধর্মী এই গানটি আশা করছি শ্রোতাদের কাছেও ভালো লাগবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০০৬ সালে ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানটি গেয়ে প্রথম আলোচনায় আসেন অভী তালুকদার। পরান ফকিরের লেখা, নবীন চন্দ্র রাজবংশীর সুর এবং বালামের সংগীতায়োজনে গানটি জি সিরিজ থেকে প্রকাশিত ‘প্রেম শিকারী’ অ্যালবামে স্থান পেয়েছিল।
এরপর ‘প্রেমে মরা জলে ডুবে না’, ‘বন্ধু কি আসিবে ফিরিয়া’, ‘সোনা বন্ধুরে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘মুর্শিদ’সহ বেশ কিছু গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি।
বিজ্ঞাপন
এদিকে নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্র। এতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন স্থানে।
বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ঢাকা ১২০৫’ সিনেমাটির।








