Logo

এক ছবির পরেই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা গায়ত্রী

profile picture
বিনোদন ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২১
এক ছবির পরেই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা গায়ত্রী
ছবি: সংগৃহীত

বলিউডে অভিষেকেই শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন গায়ত্রী জোশি। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘স্বদেশ’ সিনেমায় গীতার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে সেই সিনেমার পর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

‘স্বদেশ’-এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হলেও গায়ত্রীর বিনোদনজগতে পথচলা শুরু হয়েছিল আরও আগে। নব্বইয়ের দশকের শেষ দিকে চ্যানেল ভিতে ভিডিও জকি হিসেবে কাজ করেন তিনি। পরে মডেলিংয়ে যুক্ত হয়ে ১৯৯৯ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন। ২০০০ সালে তিনি মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব অর্জন করেন এবং ভারতের হয়ে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেন।

মডেলিংয়ের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও কাজ করেন গায়ত্রী। শাহরুখ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তী সময়ে ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি।

‘স্বদেশ’-এ শাহরুখ খান অভিনয় করেন নাসার বিজ্ঞানী মোহন ভার্গবের চরিত্রে। নিজের শিকড়ের টানে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসা এক তরুণের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে গায়ত্রী অভিনয় করেন গীতা চরিত্রে। তিনি ছিলেন একজন শিক্ষিকা, যিনি গ্রামের মানুষের জীবন ও উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তির সময় ‘স্বদেশ’ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য না পেলেও পরবর্তী সময়ে সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করে। গায়ত্রীর অভিনীত গীতার চরিত্রটিও তাঁর ক্যারিয়ারের স্মরণীয় কাজ হিসেবে বিবেচিত হয়। কিন্তু এমন অভিষেকের পরও তিনি আর অভিনয়ে ফেরেননি।

বিজ্ঞাপন

২০০৫ সালে রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করেন গায়ত্রী। বিয়ের পর পরিবারকে অগ্রাধিকার দিয়ে অভিনয় থেকে সরে যান তিনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, স্বামী ও দুই সন্তানকে ঘিরেই পরবর্তী জীবনে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।

রিয়েল এস্টেট ব্যবসায়ী স্বামী

গায়ত্রীর স্বামী বিকাশ ওবেরয় ভারতের রিয়েল এস্টেট ব্যবসার পরিচিত নাম। তিনি ওবেরয় রিয়েলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। মুম্বাইকে কেন্দ্র করে আবাসন, বাণিজ্যিক স্থাপনা ও হোটেল ব্যবসায় প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

বিজ্ঞাপন

২০২৫ সালের হুরুন তালিকায় বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৬০ কোটি রুপি। ২০২৬ সালের তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১০০ কোটি রুপিতে। সম্পদের হিসাবে এক বছরে তাঁর বৃদ্ধি হয়েছে ৫ হাজার ১৪০ কোটি রুপি। চলতি বছরের তালিকায় ভারতের ধনীদের মধ্যে তাঁর অবস্থান ৫৯তম।

অন্যদিকে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী শাহরুখ খানের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। তালিকায় তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে অবস্থান করছেন। তাঁর সম্পদের সঙ্গে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নাইট রাইডার্স স্পোর্টসের মতো ব্যবসায়িক উদ্যোগও যুক্ত রয়েছে।

জুহুতে বিশাল বাড়ি

বিজ্ঞাপন

বিকাশ ওবেরয় ও গায়ত্রীর মুম্বাইয়ের জুহু এলাকায় নয়তলা একটি বাড়ি রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রায় ৭৫ হাজার বর্গফুট আয়তনের বাড়িটির নকশা করেছেন ইতালীয় স্থপতি ও ডিজাইনার পিয়েরো লিসোনি।

গায়ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাড়ির দুটি বেজমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা ও ফিটনেসের জায়গা রয়েছে। আলাদা তলায় রয়েছে জিম, স্পা ও ১২ আসনের ব্যক্তিগত সিনেমা হল। ওপরের অংশে পরিবারের থাকার জায়গা এবং ছাদে রয়েছে ইনফিনিটি পুল, যেখান থেকে আরব সাগরের দৃশ্য দেখা যায়। বাড়িতে ভারতীয় শিল্পীদের বিভিন্ন শিল্পকর্মও রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একসময় বিকাশ তাঁদের বাড়িটিকে ‘বুটিক হোটেল’-এর মতো করে পরিচালনার কথা বলেছিলেন বলেও জানান গায়ত্রী। তবে তাঁর মতে, বাড়িটিকে হোটেলের সঙ্গে তুলনা করা ঠিক নয়; এটি তাঁদের পরিবারের ব্যক্তিগত পরিসর।

এক সিনেমাতেই থেমে ক্যারিয়ার

বিজ্ঞাপন

বলিউডে যেখানে অনেক অভিনেতার ক্যারিয়ার ছোট চরিত্র দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে এগিয়েছে, গায়ত্রী জোশির ক্ষেত্রে চিত্রটি ছিল ভিন্ন। মডেলিং থেকে সরাসরি শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক, প্রশংসা—সবকিছুর পরও মাত্র একটি সিনেমাতেই থেমে যায় তাঁর অভিনয়জীবন।

‘স্বদেশ’-এর পর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি গায়ত্রী। পরবর্তী সময়ে পরিবার ও ব্যক্তিগত জীবনকেই তাঁর জীবনের প্রধান পরিসর হিসেবে বেছে নেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD