Logo

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরেই বাজিমাত তানিয়া বৃষ্টির

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৭:০৪
অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরেই বাজিমাত তানিয়া বৃষ্টির
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অবশেষে গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন তিনি। আর প্রত্যাবর্তনের প্রথম নাটক দিয়েই দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত ‘অংশীদার’ নাটকটি মুক্তির পর ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।

মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘অংশীদার’। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।

বিজ্ঞাপন

নাটকটি দেখে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি। কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’

বিজ্ঞাপন

তবে নাটকের গল্পের পাশাপাশি দর্শকদের বিশেষ ভালোবাসা পেয়েছেন তানিয়া বৃষ্টি। তার অভিনয়ে ফেরাকে স্বাগত জানিয়ে আরোশি নামের এক দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো—এই দোয়া করি।’

দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।

তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা প্রসঙ্গে নির্মাতা জানান, গেল বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর হয়ে ওঠেনি। পরে মাসখানেক আগে আবারও তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। ‘অংশীদার’ নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই কাজটি করার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ইকসান রনি বলেন, শুটিংয়ের আগে তারা দুই দিন একসঙ্গে বসে প্রস্তুতি নিয়েছেন। অভিনয়ে ফেরার জন্য তানিয়া বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। এই নাটকে নিজের চরিত্রেও তিনি দারুণ অভিনয় করেছেন।

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে তানিয়া বৃষ্টির এই প্রত্যাবর্তন তাই ভক্তদের কাছে বিশেষ আনন্দের। আর নতুন নাটকের সাফল্যে সেই ফেরাকে আরও স্মরণীয় করে তুলেছেন এই অভিনেত্রী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD