Logo

দাফনের জন্য শেষবারের মতো ধামরাইয়ের বাড়িতে ফিরছেন অভিনেতা সোহেল খান

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৬:০০
দাফনের জন্য শেষবারের মতো ধামরাইয়ের বাড়িতে ফিরছেন অভিনেতা সোহেল খান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ দাফনের জন্য ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে পারিবারিক বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন ‘নসিব’ সিনেমার নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বগুড়ার ঠেঙ্গামারার টিএমএসএস আলিম মাদরাসায় গোসল শেষে অভিনেতার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলা হয়। পরে সেটি ধামরাইয়ের রাজাপুরের উদ্দেশে রওনা হয়।

নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান জানান, ধামরাইয়ের রাজাপুরে নিজ বাড়িতেই সোহেল খানের দাফন সম্পন্ন করা হবে। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল মম ইন-এ সিনেমার ইউনিটের অন্য সদস্যদের সঙ্গে নাশতা করেন তিনি। এরপর নিজের কক্ষে ফিরে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই হঠাৎ অসুস্থতা ও অস্বস্তি অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সোহেল খানের সঙ্গে একই হোটেলে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন তিনি। সকালে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে নিচে নামার সময় প্রোডাকশন বয় তাঁর কক্ষে গেলে সোহেল খান বের হওয়ার মুহূর্তে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলেও পোস্টে উল্লেখ করেন জয়।

বিজ্ঞাপন

এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে এক সাংবাদিকের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নেন তিনি। পরে জানতে পারেন, সোহেল খান ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য হোটেল মম ইন-এ অবস্থান করছিলেন। সকালে নাশতার পর অসুস্থ বোধ করায় কক্ষে ফিরে যান তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি পরীক্ষার মাধ্যমে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, অভিনেতার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতির পর পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্রাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD