Logo

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত

profile picture
বিনোদন ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩১
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত
ছবি: সংগৃহীত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রচার করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারার শাস্তি দেওয়া হয়েছে। একই শাস্তির মুখোমুখি হয়েছেন তার সংগীত দলের আরও চার সদস্য। ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি লাইভ কনসার্ট প্রচারের ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির ওপর আদালতের নির্দেশ অনুযায়ী এ শাস্তি কার্যকর করা হয়। গত জুনে আদালত তাকে চাবুক মারার নির্দেশ দিয়েছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি ও তার দলের চার সদস্য ইউটিউবে একটি লাইভ কনসার্ট সম্প্রচার করেন। ওই পরিবেশনায় পারাস্তোর মাথায় হিজাব ছিল না। ইরানে নারীদের জন্য প্রকাশ্যে হিজাব পরা বাধ্যতামূলক। খেলাধুলা থেকে শুরু করে সংগীত পরিবেশন—সব ধরনের প্রকাশ্য কর্মকাণ্ডেই এই নিয়ম মানতে হয়।

ওই কনসার্টে পারাস্তো বেদনাময় অথচ শক্তিশালী সংগীত পরিবেশন করেছিলেন। পরে এ আয়োজনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে পারাস্তোর আইনজীবী বলেন, “ভিডিও কনসার্টের পেছনে থাকা পারাস্তো এবং তার প্রোডাকশনের চার সদস্যকে সোমবার ৭৪টি চাবুক মারা হয়েছে।”

তাদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন, অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার এবং প্রসারের অভিযোগ আনা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের মার্চে ইরানের সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকেও ৭৪ বার চাবুক মারার শাস্তি দেওয়া হয়েছিল। গানের মাধ্যমে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

ইরানে নারীদের পোশাকবিধি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাবসংক্রান্ত অভিযোগে নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা যান তরুণী মাহসা আমিনি। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে দেশটির বিভিন্ন এলাকায় নারীদের মধ্যে হিজাববিধি অমান্য করার প্রবণতাও বেড়েছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD