শীতে নুসরাত ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম

শীতের সকাল, চারপাশে কুয়াশার আবরণ আর রাস্তার পাশে গরম খাবারের সুবাস—ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় খাবারের পছন্দও। শীত এলেই পিঠাপুলি, ভুট্টা কিংবা হালিমের প্রতি বাড়তি আকর্ষণ তৈরি হয় অনেকের। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কাছেও শীত মানেই পছন্দের সব খাবার চেখে দেখার বিশেষ সময়। তবে এই তালিকায় তার অন্যতম পছন্দ রাস্তার পাশের সিদ্ধ ডিম।
বিজ্ঞাপন
শীতের খাবার নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শীত সবারই প্রিয় ঋতু। ঢাকা শহরে শীতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই সময়ে রাস্তার সিদ্ধ ডিম, পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।’
পছন্দের এসব খাবার খাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত কাজের ব্যস্ততায় সময় বের করতে পারছেন না অভিনেত্রী। হাতে থাকা কাজগুলো গুছিয়ে শেষ করার পর কিছুদিনের জন্য ডায়েটের নিয়মকানুন থেকে বিরতি নিতে চান তিনি। তখন পছন্দের খাবারগুলো মন ভরে উপভোগ করবেন।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এখন কাজটা একটু গুছিয়ে শেষ করতে পারলে ডায়েট থেকেও কিছুদিনের ছুটি নেব। তখন মনের আনন্দে এসব খাবার খাব। শীতের আরেকটি মজার দিক হলো, এ সময় অনেক কাচ্চি খাওয়া যায়। কারণ, শীতকালে সবাই বিয়ের আয়োজন করেন।’
বিজ্ঞাপন
শুধু খাবার নয়, শীতের উৎসবমুখর পরিবেশও বেশ উপভোগ করেন নুসরাত ফারিয়া। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গানসহ নানা আয়োজন এই ঋতুকে তার কাছে আরও আকর্ষণীয় করে তোলে।
নিজের প্রিয় ঋতু সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে। খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসবের কারণে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার মনে হয়, ঢাকা তথা বাংলাদেশের শীত সবচেয়ে সুন্দর।’








