যুক্তরাষ্ট্রে নিজস্ব স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

বিনোদন জগতের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও নিজের উপস্থিতি আরও জোরালো করলেন বলিউড তারকা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন দলের জন্য নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম চালু হয়েছে, যা দেশটিতে ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ নামের এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে নির্মিত হয়েছে। এটি শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।
গত ১ জুলাই প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন স্টেডিয়ামের উদ্বোধনের ঘোষণা দেন শাহরুখ খান। তিনি বলেন, একটি স্বপ্ন থেকেই এই যাত্রার শুরু হয়েছিল, আর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। তার ভাষায়, এটি কেবল একটি ক্রিকেট মাঠ নয়, বরং খেলাধুলা, পরিবার ও বিনোদনের মিলনস্থল হিসেবেও গড়ে তোলা হয়েছে।
বিজ্ঞাপন

শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটে সুপরিচিত একটি ব্র্যান্ড। ভারতের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও এই গ্রুপের দল অংশ নিচ্ছে।
জানা গেছে, নতুন স্টেডিয়ামটির দৈনন্দিন পরিচালনার দায়িত্ব পালন করবে নাইট রাইডার্স গ্রুপ। যদিও জমি ও অবকাঠামোর মালিকানা রয়েছে ফেয়ারপ্লেক্স কর্তৃপক্ষের কাছে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় স্টেডিয়ামটি পরিচালিত হবে।
বিজ্ঞাপন
নাইট রাইডার্স গ্রুপে শাহরুখ খানের সঙ্গে অংশীদার হিসেবে রয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতা।
অন্যদিকে, চলচ্চিত্র অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘কিং’–এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।








