প্রাপ্তির আশায় নয়, গান করতে হবে নেশা থেকে: জেমস

দেশের জনপ্রিয় সংগীত তারকা জেমস। ব্যান্ড নগরবাউল দিয়ে সংগীতজগতে নিজের আলাদা পরিচয় তৈরি করে সময়ের সঙ্গে তিনি হয়ে উঠেছেন অসংখ্য ভক্তের প্রিয় ‘গুরু’। দীর্ঘ সংগীতজীবনে বহু প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করা এই শিল্পী এখনো সমানতালে মঞ্চ মাতিয়ে চলেছেন।
বিজ্ঞাপন
প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালির বিভিন্ন আয়োজন শেষে বর্তমানে তিনি সুইডেনে অবস্থান করছেন। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে বসবাসরত প্রবাসীদের গান শোনাবেন এই জনপ্রিয় শিল্পী।
সুইডেনে কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন জেমস। তিনি জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান। একই সঙ্গে সংগীতের প্রতি ভালোবাসা এবং নতুন প্রজন্মের শিল্পীদের কীভাবে পথ চলা উচিত, সে বিষয়েও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু জেমসের। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। সেই থেকে সুরের জাদুতে মাত করে রেখেছেন কয়েকটি প্রজন্মকে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ উঠতেই জেমসের স্বভাবসুলভ উত্তর, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা।
এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে—এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।’
জেমস জানান, কোনো কিছু পাওয়ার আশায় তিনি গান করেননি। গেয়েছেন কেবল ভালোবেসে, নিজের আবেগ ও প্যাশন থেকে। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তার একই পরামর্শ—কোনো কিছু পাওয়ার আশা নিয়ে সংগীতে না আসার।
বিজ্ঞাপন
জেমস বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব—এখনই বন্ধ করে দাও। আমি মনে করি, কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’
শেষ পর্যন্ত গানকেই সঙ্গী করে বেঁচে থাকতে চান এই রক তারকা।
জেমস বলেন, ‘সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। গান গেয়ে যাব, শেষ পর্যন্ত গাইতেই চাই। এমনকি শেষে গিয়ে যদি দেখি মাত্র একজন দর্শকও আছে, আমি তার জন্যও গান গেয়ে যাব।’
বিজ্ঞাপন
সুইডেনে অনুষ্ঠেয় কনসার্টের মধ্য দিয়েই জেমসের দীর্ঘ ইউরোপ সফর শেষ হবে। এরপর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন। সেখানে আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম।








