দুই মাসের ইউরোপ ট্যুরে নগরবাউল জেমস

নতুন মৌলিক গান প্রকাশ না করলেও মঞ্চে এখনো নিজের আধিপত্য ধরে রেখেছেন নগরবাউল জেমস। দেশ-বিদেশের কনসার্টে তার পরিবেশনা বরাবরই দর্শক-শ্রোতাদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। এবার দীর্ঘ দুই মাসের জন্য ইউরোপ সফরে যাচ্ছেন এই জনপ্রিয় রক তারকা।
বিজ্ঞাপন
সেখানে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য একাধিক কনসার্টে গান শোনাবেন তিনি। এই ট্যুর নিয়ে খবরটি আগেই শোনা গেলেও এতদিন নির্দিষ্ট তারিখ ও ভেন্যুর তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইউরোপ ট্যুরের পূর্ণ সূচি প্রকাশ করেছেন জেমস।
ঘোষিত সূচি অনুযায়ী, ইউরোপের মোট ছয়টি শহরে পারফর্ম করবেন তিনি। ট্যুর শুরু হবে যুক্তরাজ্যের লন্ডন দিয়ে। ২৫ জুলাই লন্ডনে প্রথম কনসার্ট করবেন জেমস। এরপর ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট রোম, ২২ আগস্ট ভেনিস এবং সর্বশেষ ৫ সেপ্টেম্বর সুইডেনে মঞ্চে উঠবেন তিনি।
বিজ্ঞাপন
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।’
এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ১০টি কনসার্ট করার পরিকল্পনা নিয়ে গেলেও দর্শকদের বিপুল সাড়ায় তা বেড়ে ২৫টি কনসার্টে রূপ নেয়। সেই অভিজ্ঞতার কারণে ইউরোপ ট্যুরেও একই ধরনের সাফল্যের প্রত্যাশা করছেন ভক্তরা।
বিজ্ঞাপন








