বেগমপাড়ার নতুন আকর্ষণ সুমাইয়া নদী

ছোট পর্দায় অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে এগিয়ে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সুমাইয়া নদী। সম্প্রতি একুশে টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’য় অভিনয় করে দর্শকদের নতুন করে নজর কেড়েছেন তিনি। নাটকটিতে তাঁর চরিত্রের নাম ‘প্রিন্সেস ডায়না’, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
বিজ্ঞাপন
মো. হেদায়েত উল্লাহ তুর্কীর রচনা ও পরিচালনায় নির্মিত ‘বেগমপাড়া’ প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ১০টায়। পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে নাটকটির পুনঃপ্রচার করা হয়। লাবণ্য মিডিয়া প্রযোজিত ধারাবাহিকটিতে বেগমপাড়ার প্রভাবশালী বেগম আসমা শিউলী ও দিলু সরদারের ছোট মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে সুমাইয়া নদীকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাটকের গল্পে তাঁর আধুনিক পোশাক, আভিজাত্যপূর্ণ জীবনযাপন ও চলাফেরার ধরন অন্যদের থেকে আলাদা। এসব বৈশিষ্ট্যের কারণেই বেগমপাড়ার বাসিন্দারা তাঁকে ‘প্রিন্সেস ডায়না’ নামে ডাকেন। চরিত্রটির আধুনিকতা ও ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তুলতে সাবলীল অভিনয়ের চেষ্টা করছেন সুমাইয়া।
এর আগে বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘গ্যাংস্টার’ ছাড়াও একক নাটকের তালিকায় রয়েছে ‘পাখি এখন শহরের বাবুর প্রেমে’, ‘রক্তের ভাই বেঈমান’, ‘অপূর্ণ ভালোবাসা’, ‘চুড়িওয়ালা’, ‘শাশুড়ির শত্রু বউ’ এবং ‘বড়লোক বাড়ির চাকর’।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন সুমাইয়া নদী। ‘মায়া মায়া লাগে’ ও ‘যেন মন খারাপের হয়রে শেষ’সহ কয়েকটি গানের ভিডিওতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কাজের স্বীকৃতি হিসেবে লাবণ্য অ্যাওয়ার্ড ও ডিসএ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন সুমাইয়া। ভোলায় জন্ম নেওয়া এই অভিনেত্রী বর্তমানে লাবণ্য ফটো সুন্দরী প্রতিযোগিতা ২০২৬-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞাপন
অভিনয় ও মডেলিং—দুই ক্ষেত্রেই নিজেকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে মডেল হিসেবে পরিচিতি গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। পাশাপাশি বড় পর্দায় কাজ করারও আগ্রহ রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই চলচ্চিত্রে দেখা যেতে পারে তাঁকে। ছোট পর্দায় ‘প্রিন্সেস ডায়না’ হিসেবে পরিচিতি পাওয়া সুমাইয়া বড় পর্দায় কেমন করে নিজেকে তুলে ধরেন, তা জানতে অপেক্ষায় থাকবেন দর্শকরা।








