বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট

দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীত পরিবেশন করতে যাচ্ছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।
বিজ্ঞাপন
একই অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননাও দেওয়া হবে। তবে এবারের আয়োজনের বিশেষত্ব এখানেই শেষ নয়। তাঁর একক সংগীতানুষ্ঠানের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘রুনা লায়লা’ শীর্ষক সম্মাননা ও একক সংগীতানুষ্ঠানটি আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এতে নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটির টিকিটের শুভেচ্ছা মূল্য তিনটি শ্রেণিতে নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণির টিকিটের মূল্য ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার টাকা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রি করে সংগৃহীত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। ফলে রুনা লায়লার এই বিশেষ সংগীত আয়োজন একদিকে যেমন ভক্তদের জন্য আনন্দের উপলক্ষ, অন্যদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।
আগ্রহী দর্শকদের জন্য টিকিট সংগ্রহের সুযোগ থাকছে আগামী ২২ ও ২৩ জুলাই। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডা. জাহেদ উর রহমান, যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া রুনা লায়লার এই একক পরিবেশনা ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি তাঁর কনসার্টের টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করার উদ্যোগটি এবারের আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।








