Logo

শেষ সিনেমার মুক্তিতে থালাপতিকে সম্মান, সরে দাঁড়াল অন্যরা

profile picture
বিনোদন ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ১৯:২৮
শেষ সিনেমার মুক্তিতে থালাপতিকে সম্মান, সরে দাঁড়াল অন্যরা
ছবি: সংগৃহীত

থালাপতি বিজয়ের রূপালি পর্দা থেকে বিদায়কে বিশেষ সম্মান জানাতে এবং বক্স অফিসে অসম প্রতিযোগিতা এড়াতে তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছে অন্য দুটি সিনেমা। আগামী ২৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’। ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে হলসংকটের আশঙ্কায় শেষ মুহূর্তে নিজেদের মুক্তির পরিকল্পনা পরিবর্তন করেছে আরও দুটি তামিল সিনেমার নির্মাতারা।

বিজ্ঞাপন

আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল অলৌকিক হরর-থ্রিলার ‘ইমর্টেল’ এবং ক্রাইম থ্রিলার ‘দ্য ডার্ক হেভেন’। কিন্তু প্রেক্ষাগৃহের মালিক ও পরিবেশকরা ‘জন নয়াগণ’-কে অধিকাংশ স্ক্রিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সম্ভাব্য ব্যবসায়িক ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত দুটি ছবির মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট নির্মাতারা।

জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক জিভি প্রকাশ কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে লিখেছেন, ‘থালাপতি যখন আসছেন, তখন তো আমাদের একপাশে সরে দাঁড়াতেই হবে। বিশেষ করে এবার যখন তার শেষবারের মতো আসা! ‘জন নয়াগণ’ টিমের জন্য অনেক শুভকামনা, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমাদের 'ইমর্টেল'।’

মারিয়াপ্পান চিন্না পরিচালিত ডার্ক ফ্যান্টাসি ঘরানার 'ইমর্টেল' সিনেমায় জিভি প্রকাশ কুমারের বিপরীতে অভিনয় করেছেন কায়াদু লোহার। স্যাম সিএসের সংগীতে এক অলৌকিক শক্তির তাড়া খেয়ে বেড়ানো এক যুবকের গল্প উঠে আসবে এই ছবিতে, যা আগামী ৪ সেপ্টেম্বর আলোর মুখ দেখবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, পিছিয়ে যাওয়া আরেক সিনেমা 'দ্য ডার্ক হেভেন'-এর প্রযোজনা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, ‘থালাপতি বিজয় অভিনীত ‘জন নয়াগণ’ আগামী ২৩ জুলাই মুক্তি পাচ্ছে। সে কথা মাথায় রেখেই আমাদের টিম আগামী ১৭ জুলাই মুক্তি পেতে যাওয়া 'দ্য ডার্ক হেভেন' সিনেমার মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন মুক্তির তারিখ খুব শিগগিরই জানানো হবে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা আরও যোগ করেন, ‘বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো আমরাও বড় পর্দায় থালাপতির শেষ নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একই সাথে, আমরা সমস্ত ভক্তদের অনুরোধ করছি এই বিশেষ মুহূর্তটি দায়িত্বশীলভাবে উদযাপন করতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে।’

বিজ্ঞাপন

থালাপতি বিজয় পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে ‘জন নয়াগণ’-কেই তার অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। এ কারণে প্রিয় তারকাকে শেষবারের মতো রূপালি পর্দায় দেখতে এখন অধীর অপেক্ষায় রয়েছে পুরো তামিলনাড়ু। বিজয়ের এই বিদায়কে স্মরণীয় করে তুলতে এবং বক্স অফিসে একতরফা প্রতিযোগিতা এড়াতেই অন্য দুটি সিনেমার নির্মাতারা স্বেচ্ছায় নিজেদের মুক্তি পিছিয়ে দিয়ে তার জন্য প্রেক্ষাগৃহের পথ আরও প্রশস্ত করে দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD