শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা ও বিতর্কের মধ্যে পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সরকার ও রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই শিল্পী।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করে ‘ককরোচ জনতা পার্টি’। কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। এতে বেশ কয়েকজন তারকা ও প্রভাবশালী ব্যক্তি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে। তবে আন্দোলনকারীদের ওপর পুলিশের আচরণ, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের অভিযোগ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান অরিজিৎ সিং। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ তুলে তিনি দিল্লি পুলিশের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের প্রতিও প্রশ্ন ছুড়ে দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অরিজিৎ তার পোস্টে লেখেন, শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে—এ ঘটনায় পুলিশের কি কোনো লজ্জাবোধ নেই? পাশাপাশি নেতা-মন্ত্রীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, এমন পরিস্থিতি কীভাবে তৈরি হলো এবং তারা কি নিজেদের সবকিছুর ঊর্ধ্বে মনে করছেন?
বিজ্ঞাপন
নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অরিজিৎ আরও জানান, এসব ঘটনা মানুষ মনে রাখবে। পোস্টের শেষ দিকে তিনি ‘হর হর মহাদেব’ লিখে পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন। তার ভাষ্য, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।
অরিজিৎ সিংয়ের এই মন্তব্য প্রকাশের পর তার ভক্ত ও অনুসারীদের অনেকে সমর্থন জানিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন এবং পুলিশের ভূমিকা নিয়ে বলিউডের জনপ্রিয় তারকারা কবে প্রকাশ্যে অবস্থান নেবেন, তা নিয়ে যখন আলোচনা চলছিল, তখন অরিজিতের এই প্রতিবাদী বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে ওই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এ ঘটনায়ও বলিউডের কয়েকজন তারকা প্রতিবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: আনন্দবাজার








