Logo

ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৪:৩১
ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভবন ধ্বংসের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। তবে মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন। মামলার নথিপত্র পর্যালোচনার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০২৫ সালের ৫ আগস্ট কয়েকজন আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উসকানি এবং সহযোগিতায় বিপুলসংখ্যক ব্যক্তি বেআইনিভাবে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে হামলা চালান। এ সময় ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বইপুস্তক ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত এবং লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

মামলার আবেদনে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করা হয়। রাতভর চলা এ কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত অব্যাহত ছিল এবং একপর্যায়ে ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবেদনে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, ওই পোস্টের পর মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভবনটি ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আবদুল্লাহ ছাড়াও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আক্তার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব ও সালেহ উদ্দিন সিফাতের নাম রয়েছে।

এ ছাড়া পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, কর্নেল (অব.) নুরনবী, তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদকেও আসামি করার আবেদন করা হয়েছে।

বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD