Logo

কারাগারে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না পলক, অভিযোগ আইনজীবীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৫:০২
কারাগারে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না পলক, অভিযোগ আইনজীবীর
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

এদিকে অভিযোগ গঠন শুনানিতে অংশ নিতে কারাগার থেকে আদালতে হাজির করা জুনাইদ আহমেদ পলকের চিকিৎসার বিষয়ে আদালতের আগের নির্দেশ বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি বলেন, মামলার কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তারা আদালতে হাজির হতে পারেননি। অভিযোগ গঠনের সময় সব আসামির উপস্থিতি প্রয়োজন হওয়ায় তাদের আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। পরে আদালত আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

তিনি আরও বলেন, জুনাইদ আহমেদ পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তার চিকিৎসার জন্য এর আগে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছিলেন। কিন্তু আদালতের সেই আদেশের পরও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এদিন আদালতে পলকের পক্ষে চিকিৎসার বিষয়টিও তুলে ধরা হয় বলে তার আইনজীবী জানান।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলাটি করা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD