Logo

ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার তিন দিনের রিমান্ড মঞ্জুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৯:০৪
ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার তিন দিনের রিমান্ড মঞ্জুর
ছবি: সংগৃহীত

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে নতুন একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মেহেরপুরের আটটি মামলা ও ঢাকায় দুদকের করা একটি মামলাসহ মোট নয়টি মামলায় জামিন পাওয়ার পর মোনালিসা ইসলামকে জুলাই আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। আসামিপক্ষে আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের পাশাপাশি মোনালিসার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরে আদেশ দেওয়ার জন্য বিষয়টি পর্যালোচনায় রাখেন। শুনানি শেষে তদন্তের স্বার্থে মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘মেহেরপুরের ৮ মামলায় এবং ঢাকায় করা দুদকের এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা ইসলাম। তিনি যখনই কারামুক্ত হবেন ঠিক তখনই মুক্তি আটকাতে তাকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ তাকে রিমান্ডে নেওয়া হলো, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং ন্যায়বিচারের পরিপন্থি। এ নিয়ে তার নামে মোট ১০টি মামলা করা হলো।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে জুলাই আন্দোলনের সময় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। পরে নিহতের শ্যালক আব্দুর রহমান এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাসা থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেল আইনশৃঙ্খলা বাহিনী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD