রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের অনুমতি পেল বাংলাদেশ

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত এই ছাড় ১১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং তা আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের জন্য ছাড় দিয়েছিল, যা ১১ এপ্রিল শেষ হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হলে বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ নেয় বাংলাদেশ। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় বিষয়টি জটিল হয়ে ওঠে। এ অবস্থায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়।
বিজ্ঞাপন
এদিকে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন গত ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল সরবরাহ-সহায়তা নিয়ে আলোচনা হয়।
এর আগে ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ওই বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: সবজির দামে আগুন, কিছুটা কমছে মুরগির দাম
বিজ্ঞাপন
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
এ সময় রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধনের পর আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
সূত্র: রয়টার্স








