১৯ দিনে দেশ রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলারেও বেশি

চলতি এপ্রিল মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৯৪৯ কোটি ৪০ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বিজ্ঞাপন
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার। সেই হিসাবে এবার ১৯ দিনে প্রায় ৪০ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে, যা টাকায় প্রায় ৪ হাজার ৯৭৮ কোটি টাকার সমপরিমাণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের মার্চ মাসে, যখন প্রবাসীরা পাঠান ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ ছিল গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের ডিসেম্বরে (৩২২ কোটি ৬৬ লাখ ডলার) এবং চতুর্থ অবস্থানে রয়েছে চলতি বছরের জানুয়ারি, যেখানে প্রবাসী আয় ছিল ৩১৭ কোটি ডলার।
আরও পড়ুন: দেশে ২০ দিনে এলো জ্বালানি তেলের ১২ জাহাজ
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈদেশিক মুদ্রাবাজারেও প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বাড়ায় স্থানীয় মুদ্রার বিপরীতে এর বিনিময় হারও বেড়েছে। ফলে প্রবাসীরা ডলার পাঠিয়ে তুলনামূলক বেশি টাকা পাচ্ছেন।
তবে অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।








